ধর্মঘটের সমর্থনে শহরে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল, ময়দানে মানিক সরকার ও বিরোধী দলনেতা

আগরতলা, ১২ ফেব্রুয়ারী: ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে শহরে বামফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ওই মিছিলে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

এদিনের মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মেলার মাঠে গিয়ে শেষ হয়। মিছিল জুড়ে শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে স্লোগান ওঠে।

মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, বিজেপি সরকার এমন নীতি গ্রহণ করেছে যার ফলে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অধিকার, কাজের সুরক্ষা ও ন্যায্য মজুরির প্রশ্নে এই ধর্মঘট ডাকা হয়েছে বলে তিনি জানান।

এদিন তিনি আরও বলেন, ইতি সম্প্রতি মার্কিন সাম্রাজ্যবাদের সাথে ভারত যে চুক্তি করেছে তাতে শ্রমিকদের সামনে সংকট তৈরী করেছে। বিজেপি সরকারের শাসনে শ্রমিক ও কৃষকদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাঁর কথায়, এই আন্দোলন মানুষের স্বার্থ রক্ষার আন্দোলন এবং তা আরও বিস্তৃত হবে।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীও কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে বলেন, শ্রমিক ও সাধারণ মানুষের দাবি উপেক্ষিত থাকায় ধর্মঘট অনিবার্য হয়ে উঠেছে।