১২ ফেব্রুয়ারি ধর্মঘট সফল করার আহ্বান এআইটিইউসি ও এআইকেএসের

আগরতলা, ১১ ফেব্রুয়ারি: আগামীকাল ১২ ফেব্রুয়ারি, ২০২৬ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে যৌথ সাংবাদিক সম্মেলন করল এআইটিইউসি ও সর্বভারতীয় কিষাণ সভা ( এআইকেএস)। বুধবার আগরতলার ঝুনু দাস ভবনে আয়োজিত এই সাংবাদিক সম্মেলন থেকে ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়।

সংগঠনের নেতৃত্বরা জানান, কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও কৃষকবিরোধী নীতির প্রতিবাদেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অবিলম্বে চারটি শ্রম কোড বাতিলের দাবি তোলা হয়। তাদের অভিযোগ, এই শ্রম কোড কার্যকর হলে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ হবে এবং কর্পোরেট সংস্থাগুলির সুবিধা বৃদ্ধি পাবে।

পাশাপাশি ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি বাতিলের দাবি জানানো হয়। সংগঠনের মতে, এসব চুক্তি দেশের কৃষি ও ক্ষুদ্র শিল্পের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়াও এমজিএনরেগা প্রকল্প বাতিল বা দুর্বল করার প্রচেষ্টার বিরুদ্ধেও সরব হন নেতৃবৃন্দ। গ্রামীণ অর্থনীতি ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষায় এই প্রকল্প আরও শক্তিশালী করার দাবি জানানো হয়।
সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষকে আগামীকালের সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply