আগরতলা, ৭ ফেব্রুয়ারি: শান্তিরবাজার পিটিজি অফিস সংলগ্ন আগরতলা–সাব্রুম জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। মৃত মহিলার নাম গিরিবালা দেবনাথ। তাঁর বাড়ি শান্তিরবাজারের কেসি পাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, একটি টিপার গাড়ি (নম্বর: টিআর০৩-জি – ১৫০৯) ওই মহিলাকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয় সাধারণ মানুষ তাকে দ্রুত শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর ঘাতক গাড়িটিকে ধরতে পথ চলতি সাধারণ মানুষ ধাওয়া করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিরবাজার থানার সেকেন্ড অফিসার সমীর বিশ্বাস। গাড়িটিকে আটক করার চেষ্টা চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং ঘাতক টিপার গাড়িটিকে ধরতে তল্লাশি অভিযান চালাচ্ছে।

