তেলেঙ্গানা পুরসভা নির্বাচনে জন সেনা পার্টির ৩৩৬ প্রার্থী

হায়দরাবাদ, ৭ ফেব্রুয়ারি : অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের নেতৃত্বাধীন জন সেনা পার্টি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা তেলেঙ্গানা পুরসভা নির্বাচনে ৩৩৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জন সেনা পার্টি জানিয়েছে, তাদের মনোনীত ৩৩৬ জন প্রার্থীর মনোনয়নপত্র সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা গ্রহণ করেছেন। জন সেনা প্রার্থীরা দলীয় প্রতীক ‘গ্লাস টাম্বলার’ চিহ্নে নির্বাচন লড়ছেন।

দলটি তেলেঙ্গানার ১১টি জেলার মোট ৩৩৬টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে নিজামাবাদ জেলায় সর্বাধিক ৪৮ জন প্রার্থী, নালগোন্ডায় ৪৬ জন, মহাবুবনগরে ৪৪ জন এবং আদিলাবাদ জেলায় ৩৯ জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন। তেলেঙ্গানার ১১৬টি পৌরসভা এবং সাতটি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই সমস্ত শহুরে স্থানীয় সংস্থায় মোট ২,৯৯৬টি ওয়ার্ড রয়েছে। অন্ধ্রপ্রদেশে টিডিপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের অংশ হলেও তেলেঙ্গানা পুরসভা নির্বাচনে জন সেনা পার্টির সঙ্গে বিজেপির কোনও আনুষ্ঠানিক জোট নেই। এর আগেই তেলেঙ্গানা বিজেপি ঘোষণা করেছিল যে তারা এককভাবে নির্বাচন লড়বে।

তবে জন সেনা পার্টি জানিয়েছে, আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি পবন কল্যাণ জন সেনা ও বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেবেন। দলটির দাবি, তেলেঙ্গানার স্বার্থ এবং তৃণমূল স্তরে শক্তি বৃদ্ধির লক্ষ্যে জন সেনা ও বিজেপি বন্ধুত্বপূর্ণ পরিবেশে প্রার্থী দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এনডিএ-র পক্ষে প্রচারে নামবেন জন সেনা প্রধান পবন কল্যাণ। তাঁর বিস্তারিত প্রচারসূচি পরে ঘোষণা করার কথা থাকলেও, এখনও পর্যন্ত এ বিষয়ে নতুন কোনও তথ্য না আসায় তাঁর সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে, রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পুরসভা নির্বাচনে মোট ১২,৯৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে ১৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শাসক কংগ্রেসের ১২ জন এবং প্রধান বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর দুই জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

Leave a Reply