আগরতলা, ৬ ফেব্রুয়ারি: নিগম কর্মীকে মারধরের অভিযোগ ও ট্রেড লাইসেন্স না থাকার কারণে মা দুর্গা টেক্সটাইলের ঝাঁপ বন্ধ করে দিল পুর নিগম। আজ সকালে ফের টাস্ক ফোর্সের অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিয়মিত অভিযান কর্মসূচির অংশ হিসেবে টাস্ক ফোর্সের কর্মীরা আজ সকালে মা দুর্গা টেক্সটাইল দোকানে যান। দোকানের কর্মীরা বৈধ ট্রেড লাইসেন্স দেখাতে পারেননি। সেই সময় দোকানের এক কর্মীর সঙ্গে টাস্ক ফোর্সের কর্মীদের বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মধ্যেই ওই দোকানের এক কর্মী টাস্ক ফোর্সের এক কর্মীকে মারধর করে। ঘটনার পর অভিযুক্ত কর্মী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।
পরবর্তীতে পুর নিগমের পক্ষ থেকে দোকানের কাগজপত্র যাচাই করা হলে দেখা যায়, দোকানটির বৈধ ট্রেড লাইসেন্স নেই। এই অভিযোগের ভিত্তিতে নিয়ম অনুযায়ী মা দুর্গা টেক্সটাইলের দোকানটি সিল করে দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। পুর নিগম কর্তৃপক্ষ জানিয়েছে, নিগম কর্মীদের উপর হামলার ঘটনাকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

