আগরতলা, ৬ ফেব্রুয়ারি: আগামী ১২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন শ্রমিক ফেডারেশনের ডাকে ঘোষিত দেশব্যাপী সাধারণ ধর্মঘট সফল করার দাবিতে সিপিআই(এমএল)-এর উদ্যোগে আজ আগরতলায় এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন মিছিলটি আগরতলার প্যারাডাইস চৌমুহনি এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিল চলাকালীন দলের কর্মী ও সমর্থকরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শ্রমিক স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সিপিআই(এমএল)-এর নেতা বলেন, কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতি, লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বেকারত্বের বৃদ্ধি, শ্রম আইন সংশোধন এবং সরকারি সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে এই সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট জনবিরোধী, নারীবিরোধী এবং কর্পোরেট স্বার্থ রক্ষায় প্রণীত।
তিনি আরও বলেন, শ্রমিক-কর্মচারী, কৃষক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষার জন্য এই ধর্মঘট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের স্বার্থে সকলকে ১২ ফেব্রুয়ারির ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

