তেলিয়ামুড়ায় হাসপাতালের সামনে দোকানে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১ ফেব্রুয়ারি: তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থিত দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার একটি চা দোকানসহ আরও একটি দোকানে গভীর রাতে চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও একটি গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। সকালে দোকান খুলতে এসে দোকান মালিক বিষয়টি জানতে পারেন।

ঘটনার পর থেকেই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, এই এলাকায় রাত্রিকালীন পুলিশ টহল কার্যত অনুপস্থিত। ফলে বারবার এই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে জানা গেছে। স্থানীয়রা অবিলম্বে নিয়মিত রাতের টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।