নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রবিবার জানিয়েছেন, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে নতুন আয়কর আইন ২০২৫। একই সঙ্গে সাধারণ করদাতাদের সুবিধার কথা মাথায় রেখে আয়কর রিটার্নের ফর্ম নতুনভাবে সাজানো হয়েছে, যাতে সহজে কর জমা দেওয়া সম্ভব হয়।
২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার সময় তিনি জানান, ২০২৪ সালের জুলাই মাসে আয়কর আইন ১৯৬১-এর একটি ব্যাপক পর্যালোচনার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই কাজ রেকর্ড সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। নতুন আয়কর আইন ২০২৫ আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। সাধারণ নাগরিকদের সুবিধার জন্য রিটার্ন ফর্ম সহজ করা হয়েছে।
নতুন আইনের আওতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় ও সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমা থেকে প্রাপ্ত সুদের উপর করছাড়, ক্ষুদ্র করদাতাদের জন্য ‘নিল ডিডাকশন সার্টিফিকেট’ এবং নন-অডিট মামলায় আইটিআর জমা দেওয়ার শেষ তারিখ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো।
তবে, আইটিআর-১ ও আইটিআর-২ ফর্ম ব্যবহারকারীরা আগের মতোই ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন।
বিদেশে অর্থপ্রদানের ক্ষেত্রে করদাতাদের আর্থিক চাপ কমাতে ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স (টিসিএস) হারও কমানোর ঘোষণা করা হয়েছে। অর্থমন্ত্রী বলেন, বিদেশ সফর প্যাকেজ বিক্রির ক্ষেত্রে বর্তমান ৫ শতাংশ ও ২০ শতাংশের পরিবর্তে টিসিএস হার ২ শতাংশ করা হচ্ছে, কোনো অঙ্কের সীমা ছাড়াই। পাশাপাশি, শিক্ষা ও চিকিৎসার জন্য বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রেও টিসিএস হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হচ্ছে।
টিডিএস সংক্রান্ত বিষয়ে স্পষ্টতা আনতে তিনি জানান, মানবসম্পদ বা ম্যানপাওয়ার সরবরাহ পরিষেবাকে ঠিকাদারি পরিষেবার আওতায় আনা হচ্ছে। এর ফলে এই পরিষেবার ক্ষেত্রে টিডিএস হার হবে মাত্র ১ শতাংশ বা ২ শতাংশ।
এছাড়াও বাজেটে ঘোষণা করা হয়েছে, ভারতে ডেটা সেন্টার ব্যবহারকারী বিদেশি ক্লাউড সংস্থাগুলিকে ২০৪৭ সাল পর্যন্ত করছাড় বা ‘ট্যাক্স হলিডে’ দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, নতুন আয়কর আইন ও সংশোধিত কর কাঠামোর ফলে সাধারণ করদাতা, শিক্ষার্থী এবং বিদেশে অর্থ পাঠানো ব্যক্তিরা উল্লেখযোগ্যভাবে উপকৃত হবেন।

