আগরতলা, ১ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ‘বিকশিত ভারত’ গড়ার মহৎ লক্ষ্যকে সামনে রেখে রবিবার সংসদে জনকল্যাণমুখী কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই গুরুত্বপূর্ণ বাজেট পেশের মুহূর্তটি সরাসরি দেখার জন্য মজলিশপুর বিধানসভা এলাকায় দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
বাজেট ঘোষণার সম্পূর্ণ পর্ব মজলিশপুর বিধানসভার দলীয় কর্মী ও নেতৃত্ব একসঙ্গে বসে প্রত্যক্ষ করেন। বাজেট পেশের পর প্রতিক্রিয়া ব্যক্ত করে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, দেশের সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও জানান, এই বাজেটে কৃষক, যুব সমাজ, মহিলা, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আত্মনির্ভর ভারতের ভিত আরও মজবুত করতে এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনস্বার্থে ও দেশের অগ্রগতির লক্ষ্যে এই কল্যাণকর বাজেট প্রণয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

