কৈলাসহরে যুব মোর্চা সভাপতির দখল করা সরকারি কোয়ার্টার সিল, উদ্ধার অস্ত্র ও মদের বোতল

আগরতলা, ২৪ জানুয়ারি : স্থানীয় হিন্দু সংগঠন, বিজেপি মণ্ডল কমিটি এবং হরিজন কলোনির বাসিন্দাদের তীব্র প্রতিবাদের পর অবশেষে বন্ধ করা হয়েছে ঊনকোটি জেলা যুব মোর্চার সভাপতি অরূপ ধর কর্তৃক অবৈধভাবে দখল করা স্বাস্থ্য দপ্তরের সরকারি কোয়ার্টার।

মহকুমা শাসকের নির্দেশে, ডিসিএম হিমন্ত ধরের উপস্থিতিতে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই কোয়ার্টারটি সিল করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র, রড, খালি বিলেতি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই সরকারি ঘরটি সমাজদ্রোহী কার্যকলাপ ও অসামাজিক আড্ডার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। ঘটনাটি ঘিরে এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এখন দেখার বিষয়, এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ও পুলিশ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাতে ভবিষ্যতে এমন বেআইনি কর্মকাণ্ড পুনরায় না ঘটে।