রোমান স্ক্রিপ্টের দাবিতে ৪৮তম ককবরক দিবসের শোভাযাত্রায় বিক্ষোভ, আটক একদল জনজাতি যুবক

আগরতলা, ১৯ জানুয়ারি: আজ ৪৮তম ককবরক দিবস। দিনটি উপলক্ষে রাজ্যজুড়ে নানা কর্মসূচির পাশাপাশি আগরতলা শহরে রাজ্যভিত্তিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। তবে শোভাযাত্রা চলাকালীন ককবরক ভাষায় রোমান হরফে দাবিতে একদল জনজাতি যুবক ও ছাত্রছাত্রী বিক্ষোভে শামিল হন। ওই বিক্ষোভকে ঘিরে তুলকালাম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরবর্তী সময় তাদেরকে পুলিশ আটক করে এডি নগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়।

বিক্ষোভকারীদের দাবি, ককবরক ভাষার জন্য অবিলম্বে রোমান লিপিকে সরকারি স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে রাজ্য সরকারকে দ্রুত ও স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। বিক্ষোভ চলাকালীন তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি জানান। পরে কংগ্রেস ভবনের কাছে পশ্চিম আগরতলা থানার অতিরিক্ত পুলিশ বাহিনী বিক্ষোভকারীদের আটক করে এডিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়ালেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিধায়ক রামপদ জমাতিয়া। তিনি বলেন, ৪৮তম ককবরক দিবস উপলক্ষে রাজ্যজুড়ে নানা কর্মসূচির পাশাপাশি আগরতলা শহরে রাজ্যভিত্তিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ওই শোভাযাত্রায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একদল জনজাতি যুবকরা কৌশল অবলম্বন করেছে। তিনি পুলিশ প্রশাসনকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, ককবরক ভাষার জন্য রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন জনজাতি সংগঠন ও ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। এই ঘটনাকে ঘিরে ককবরক দিবসের উদযাপন ও প্রশাসনের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।