সিপাহীজলা অভয়ারণ্যের পরিচ্ছন্নতা ও পরিকাঠামো খতিয়ে দেখলেন বনমন্ত্রী

আগরতলা, ১৬ জানুয়ারি: সংবাদ মাধ্যমে বিদেশি পর্যটকদের অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার সিপাহীজলা অভয়ারণ্য পরিদর্শনে যান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তাঁর সঙ্গে ছিলেন বনদপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। পরিদর্শনকালে মন্ত্রী অভয়ারণ্যের পরিচ্ছন্নতা ব্যবস্থা, বিশেষত প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্মীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং সামগ্রিক ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন।

পরিদর্শন শেষে বনমন্ত্রী জানান, গত ৮ জানুয়ারি সংবাদ মাধ্যমে তিনি জানতে পারেন—হল্যান্ড থেকে আগত কয়েকজন বিদেশি পর্যটক অভিযোগ করেছেন যে সিপাহীজলা অভয়ারণ্য-র ভেতরে যত্রতত্র প্লাস্টিক ফেলা হচ্ছে, ফলে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে শুক্রবারের পরিদর্শনে অভয়ারণ্যের ভেতরে প্লাস্টিক সামগ্রী চোখে পড়েনি বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, সম্ভবত কোনো একদিন কিছু পর্যটক অসচেতনভাবে প্লাস্টিক বোতল ও অন্যান্য সামগ্রী ফেলে গিয়েছিলেন। এই সমস্যা রুখতে শুধু প্রশাসন বা অভয়ারণ্য কর্তৃপক্ষের পক্ষে এককভাবে ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়—পর্যটকদেরও সমান দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও জানান, আগামী দিনে অভয়ারণ্যের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাফাইয়ের সংখ্যা দৈনিক চারবারের পরিবর্তে আটবার করা হবে। তবুও পর্যটকদের সচেতন আচরণ অত্যন্ত জরুরি বলে তিনি জোর দেন।

এছাড়াও বনমন্ত্রী সিপাহীজলা অভয়ারণ্যের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তাঁর কথায়, ডোনার মন্ত্রক থেকে অভয়ারণ্যের উন্নয়নের জন্য ৫৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি সেন্ট্রাল জু অথরিটি থেকে একটি মাস্টার প্ল্যান গ্রহণ করা হয়েছে, যাতে আগামী দিনে সিপাহীজলাকে সবদিক থেকে বিশ্বমানের একটি অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা যায়—সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।