ধর্মনগর, ২৪ ডিসেম্বর : প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মজয়ন্তী উপলক্ষে বুধবার ধর্মনগরে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। উত্তর ত্রিপুরা জেলার সদর ধর্মনগর মহকুমার অন্তর্গত ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে দুপুর প্রায় বারোটা নাগাদ শোভাযাত্রাটি শুরু হয়।
শোভাযাত্রিতে উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির উত্তর জেলার সভাপতি কাজল দাস, জেলা পরিষদের সভাপতি অর্পনা নাথসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও সরকারি বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী হাতে প্ল্যাকার্ড নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রাটি ধর্মনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে এসে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত চক্রবর্তী জানান, প্রতি বছর ২৫ ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী, বিশিষ্ট কবি ও সাহিত্যিক অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালিত হয়। তাঁর অবদানকে স্মরণ করে জন্মজয়ন্তীকে যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবন এবং অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে দু’দিনব্যাপী এক বর্ণাঢ্য সাহিত্যিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ত্রিপুরা ও পার্শ্ববর্তী রাজ্য আসাম থেকে আগত মোট ২৩৪ জন কবি ও সাহিত্যিক অংশগ্রহণ করবেন। সম্মেলনে অটল বিহারী বাজপেয়ীর কবিতা ও সাহিত্যচর্চা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

