আগরতলা, ২৪ নভেম্বর : ধলাই জেলার কচুছড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, অঙ্গনওয়াড়ি হেল্পার বহুদিন ধরেই শিশুদের যথাযথ খাবার পরিবেশন করছেন না। কচিকাঁচাদের পুষ্টিকর খাবার না পাওয়া এবং কেন্দ্রের সার্বিক অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর দাবি, খাবারের মান খারাপ হওয়ার পাশাপাশি উপস্থিতি খাতায় কারচুপি ও সরকারি সুবিধা বণ্টনে অনিয়ম বহুদিন ধরেই চলছিল। এসব অভিযোগের জেরে সোমবার সকালে উত্তেজিত জনতা সরাসরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন।
ঘটনার খবর পেয়ে কচুছড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও, স্থানীয়দের দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কার্যক্রমে স্বচ্ছতা আনতে ও শিশুদের উপযুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ঘটনায় কচুছড়া ও আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

