অধিকার আদায়ের নামে জনজাতিদের বোকা বানিয়ে নির্বাচনে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে বিজেপি ও তিপরা মথা : সুদীপ

আগরতলা, ৮ নভেম্বর : অধিকার আদায়ের নামে জনজাতিদের বোকা বানিয়ে নির্বাচনে মাইলেজ পাওয়ার চেষ্টা করছে বিজেপি ও তিপরা মথা। আসলে জনজাতিদের স্বার্থ সম্বলিত ব্যাপারে বিজেপি সরকার অনীহা প্রকাশ করছে। যার কারণে এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ।

তাঁর দাবি, তিপরা মথার সুপ্রিমো ও মুখ্যমন্ত্রীর মধ্যে এডিসি নির্বাচন নিয়ে কথা হয়েছে। কারণ, এডিসি নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের মামলার শুনানি প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁচ্ছেছে। দুই সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এফিডেভিট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। সম্ভবত এবিষয় নিয়েই প্রদ্যোতের সাথে মুখ্যমন্ত্রীর আলেচনা হয়েছে। তাঁর কটাক্ষ, ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে কথা বলতে হলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথে কথা বলবে তিপরা মথা। এবিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার কোনো কারণ নেই।

তাঁর আরও দাবি, জনজাতিদের দাবি দাওয়া পূরণ করতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলতে হবে। তাতে কোনো রাজ্যর মুখ্যমন্ত্রীর কোনো হাত নেই। আসলে জনজাতিদের স্বার্থ সম্বলিত ব্যাপারে বিজেপি সরকার অনীহা প্রকাশ করছে। যার কারণে এখনো পর্যন্ত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের কোনো লক্ষণ নেই, বলে দাবি তাঁর।