জলসংকটে ভুগছে কুমারঘাটের পূর্ব কাঞ্চনবাড়ি শান্তিপল্লী

আগরতলা, ৩০ অক্টোবরঃ সাপ্লাই লাইন আছে, পাইপ বসানো হয়েছে, কিন্তু তবুও জল নেই। এই চরম ভোগান্তির শিকার হচ্ছেন কুমারঘাট পূর্ব কাঞ্চনবাড়ি শান্তিপল্লীর বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় জল সরবরাহ কার্যত বন্ধ হয়ে পড়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও কলের মুখে এক ফোঁটা জল পর্যন্ত আসে না। ফলে পানীয় জলের জন্য দূরবর্তী এলাকা থেকে জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

তাঁদের আরও অভিযোগ, সরকারি প্রকল্পে পাইপ বসানো হয়েছে, সাপ্লাইয়ের ঘোষণা হয়েছে, কিন্তু বাস্তবে জল আসছে না। বহুবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা মেলেনি।

স্থানীয়রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। তাঁদের কথায়, পাইপ আছে, লাইন আছে, শুধু জলটাই নেই। এই অবস্থায় আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।