অবৈধ অনুপ্রবেশ রুখতে কঠোর পদক্ষেপ, অসম সরকার ১৮ জন অনুপ্রবেশকারীকে সীমান্ত থেকে ফিরিয়ে দিল

গুয়াহাটি, ২১ অক্টোবর : অসম সরকার সোমবার অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে মোট ১৮ জন অনুপ্রবেশকারীকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে ফেরত পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এদের মধ্যে ১১ জনকে ধরা হয়েছিল শ্রীভূমি জেলায়। সম্পূর্ণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এইসব অনুপ্রবেশকারীদের তাঁদের দেশের সীমান্ত পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়েছে।

এই ঘটনায় মুখ্যমন্ত্রী শর্মা সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি বার্তায় লেখেন, “আজ সকালে শ্রীভূমি থেকে ১৮ জন অনুপ্রবেশকারীকে পুশব্যাক করা হয়েছে। দীপাবলি সত্যিই সেই সময়, যখন শুভ শক্তি অসুভের উপরে জয় লাভ করে।” তিনি আরও বলেন, “এই পদক্ষেপ ছিল সরাসরি এবং সঠিক—যেমন বিরাট কোহলির স্ট্রেট ড্রাইভ, ঠিক তেমনই আমরাও অবৈধ অনুপ্রবেশকারীদের সরাসরি তাঁদের মাটিতে ফিরিয়ে দিচ্ছি।”

উল্লেখ্য, অসমের শ্রীভূমি, কাছাড়, ধুবরি ও দক্ষিণ সালমারা-মানকাচার জেলা বাংলাদেশের সঙ্গে ২৬৭ কিমি দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে। শ্রীভূমির সুতারকান্দি অঞ্চলে অবস্থিত ইন্টিগ্রেটেড চেক পোস্ট (আইসিপি) দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের আনাগোনা নিয়ন্ত্রণ করা হয়। রাজ্য সরকার জানিয়েছে, এই পদক্ষেপ রাজ্যের সীমানা সুরক্ষা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার দিকে এক দৃঢ় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অসম সরকার ২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে। পুলিশ ও সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ)-এর যৌথ অভিযানে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি, যেসব ভারতীয় নাগরিক বৈধ কাগজপত্র সহ বাংলাদেশে আটকে পড়েছেন, তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থাও করা হচ্ছে। সরকার জানিয়েছে, এই ধরণের পদক্ষেপ শুধুমাত্র আইন-শৃঙ্খলা রক্ষার দিক থেকে নয়, বরং একটি স্পষ্ট বার্তা দেয় যে অসমের সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না।