নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর :
ত্রিপুরা সীমান্তে বিএসএফ-এর নতুন মহাপরিদর্শক(আইজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অলোক কুমার চক্রবর্তী। শুক্রবার তিনি এ. কে. শর্মা-র কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। উল্লেখ্য, শ্রী শর্মাকে নতুন করে মণিপুর ফ্রন্টিয়ারে স্থানান্তরিত করা হয়েছে।
অলোক কুমার চক্রবর্তী একজন অভিজ্ঞ ও উচ্চ পদকপ্রাপ্ত বিএসএফ কর্মকর্তা। তিনি পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস, ইউএনএমআইকে(ইউনাইটেড ন্যাশনস্ মিশন ইন কসোভো) মেডেল এবং অতি উৎকৃষত সেবা পদক -এর প্রাপক। দীর্ঘ কর্মজীবনে তিনি ভারত-বাংলাদেশ ও ভারত-পাকিস্তান সীমান্ত, এলওসি এবং অ্যান্টি-নকশাল অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন।
এছাড়াও, তিনি বিএসএফ একাডেমি, গ্বালিয়র এবং সেন্ট্রাল স্কুল অফ উইপনস অ্যান্ড ট্যাকটিকস, ইন্দোর-এর মতো গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শ্রী চক্রবর্তী এসপিজি এবং ইউনাইটেড ন্যাশনস্ মিশন ইন কসোভো (ইউএনএমআইকে)-এও দায়িত্ব পালন করেছেন। তাঁর এই অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ ত্রিপুরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থাকে আরও দৃঢ় করবে বলে মনে করছে বিএসএফ মহল।

