আগরতলা, ২১ সেপ্টেম্বর : রামনগর এলাকায় সমাজসেবামূলক বস্ত্র দান কর্মসূচির আয়োজন করা হয়েছে রামঠাকুর মন্দিরের উদ্যোগে। মন্দিরের ভক্তরা বছরের বিভিন্ন সময়ে শ্রী শ্রী রাম ঠাকুরের জন্য দানকৃত বস্ত্র সংগ্রহ করে, যা গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। আজ রামনগর ৪নং রোডে অবস্থিত রামঠাকুর সেবা মন্দিরে অনুষ্ঠিত বস্ত্র দান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌরসভার মেয়র দীপক মজুমদার।
অনুষ্ঠানে সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৭নং রামনগরের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য্য এবং নিবাস দাস (কর্পোরেটর, আগরতলা পুরনিগম)। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন মন্দির পরিচালিত সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট সমাজসেবী।
অন্যদিকে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের শ্যামলীমা আবাসনের উদ্যোগে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের কর্পোরেটর মিঠুন দাস বৈষ্ণব এবং আবাসনের অন্যান্য বিশিষ্ট সমাজসেবী।
উভয় অনুষ্ঠানের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় এবং উৎসবের আগেই তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এই ধরনের কার্যক্রম স্থানীয় সমাজে উদারতা ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

