শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর: জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির সভানেত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখে জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট প্রধান ইয়াসিন মালিকের মামলাটি মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
এক্স (পূর্বতন টুইটার)-এ মেহবুবা মুফতি লেখেন, “আমি শ্রদ্ধেয় অমিত শাহজিকে একটি চিঠি লিখেছি, যাতে ইয়াসিন মালিকের মামলা মানবিক দৃষ্টিতে বিবেচনা করা হয়। যদিও তাঁর রাজনৈতিক মতাদর্শের সঙ্গে আমার মতানৈক্য রয়েছে, তবুও সহিংসতা ত্যাগ করে রাজনৈতিক মত প্রকাশ ও অহিংস প্রতিবাদের পথ বেছে নেওয়ার সাহসিকতাকে অস্বীকার করা যায় না।”
চিঠিতে মেহবুবা উল্লেখ করেন,“ইয়াসিন মালিক এক সময় প্রতিরোধের প্রতীক ছিলেন, কিন্তু পরে সংযম ও অহিংসার পথে চলার সিদ্ধান্ত নেন। আজ তিনি কারাগারে নির্বাক হয়ে রয়েছেন। তাঁর এই রূপান্তর ও রাষ্ট্রের প্রতি রাখা বিশ্বাসই গুরুত্বপূর্ণ। ১৯৯৪ সালে তিনি অস্ত্র ত্যাগ করে রাজনৈতিক পথে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেন, যা এক সাহসী পদক্ষেপ।
মেহবুবা মুফতির এই চিঠি এমন এক সময়ে এসেছে, যখন মিডিয়া সূত্রে দাবি করা হয়েছে যে ইয়াসিন মালিক দিল্লি হাইকোর্টে শপথপত্রে উল্লেখ করেছেন তিনি সন্ত্রাসবাদী নেতা হাফিজ সাঈদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নির্দেশে। তিনি আরও দাবি করেছেন, মনমোহন সিং তাঁকে অস্ত্র ত্যাগ করার জন্য এবং হাফিজ সাঈদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন।
মেহবুবা মুফতির মতে, এসব মামলার মধ্যে ইয়াসিন মালিকের “রূপান্তরের গল্প” ভুলে যাওয়া উচিত নয়। তাঁর মতে, সংঘাত-জর্জরিত অঞ্চল থেকে আসা একজন ব্যক্তি যদি সহিংসতা ত্যাগ করে রাজনৈতিক ও অহিংস পথে আসেন, তাহলে রাষ্ট্রের উচিত সেই সাহসিকতাকে সম্মান জানানো।

