নেপালে চলমান অস্থিরতা ঘিরে সীমান্তবর্তী জেলাগুলিতে নিরাপত্তা জোরদারের নির্দেশ, বিহারের মুখ্যসচিবের উচ্চপর্যায়ের বৈঠক

পাটনা, ১১ সেপ্টেম্বরঃ নেপালে চলমান বিক্ষোভ, সহিংস আন্দোলন এবং সম্প্রতি ঘটে যাওয়া জেল ভাঙার ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বিহারের মুখ্যসচিব প্রত্যয় আমৃত রাজ্যের ভারত-নেপাল সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন।

বৃহস্পতিবার পাটনার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যসচিব সংশ্লিষ্ট আধিকারিকদের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সীমান্তবর্তী সমস্ত জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রত্যয় আমৃত রাজ্যের পুলিশ মহাপরিদর্শক ও অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নির্দেশ দেন, যেন সীমান্ত পেরিয়ে বিহারে প্রবেশকারী প্রতিটি ব্যক্তির ওপর কড়া নজরদারি রাখা হয় এবং প্রয়োজনে তাদের তল্লাশি চালানো হয়। একই সঙ্গে, তিনি রাজ্যের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলির নিরাপত্তাও জোরদার করার নির্দেশ দেন। এর মধ্যে উল্লেখযোগ্য – সেতু, রেল স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি।

সীমান্তবর্তী অঞ্চলে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজ্য সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলে সূত্রের খবর।