পথকুকুরদের জন্য টিকাকরণ শিবির ও প্রাণীকল্যাণ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

ধর্মনগর, ৭ সেপ্টেম্বর: উত্তর জেলার ধর্মনগরে পথকুকুরদের উদ্দেশ্যে টিকাকরণ শিবির ও প্রাণীকল্যাণ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্য প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তর ও পাবলিক কমিটি অন অ্যানিম্যাল রাইটস এন্ড এন্ডার্জড স্পেসিজ -এর যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হল সংলগ্ন প্রাঙ্গণে।

প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিকরা জানান, পথকুকুরদের টিকাদানের মাধ্যমে জলাতঙ্কসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। পাশাপাশি সাধারণ মানুষকে প্রাণীর প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণের বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে।

শিবিরে পথকুকুরদের টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা করা হয়। একইসঙ্গে স্থানীয় মানুষদের প্রাণী সুরক্ষা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হয়।

সরকারি সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও এ ধরনের আরও টিকাকরণ ও সচেতনতামূলক শিবির আয়োজন করা হবে, যাতে মানুষ ও প্রাণী উভয়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা যায়।