আগরতলা, ৩১ আগস্ট : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এস আই আর) প্রক্রিয়ার বিরুদ্ধে সপ্তাহব্যাপী আন্দোলনে নেমেছে এসইউসিআই(সি)। এরই অংশ হিসেবে আজ বটতলায় দলের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে এসইউসিআই রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক বলেন, “ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের কাছে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র না থাকায় তারা নাম অন্তর্ভুক্ত করতে পারছেন না। ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার সঙ্গে সঙ্গে তাদের নাগরিকত্বও প্রশ্নের মুখে
পড়ছে।”
তিনি আরও অভিযোগ করেন, বিহারে ভোটের আগে সাধারণ মানুষকে হেনস্তা করার জন্য এই বিশেষ নিবিড় সংশোধন চালু করা হয়েছে। যার ফলে লক্ষ লক্ষ গরিব মানুষ নিজেদের নাগরিকত্ব টিকিয়ে রাখতে সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই পরিস্থিতিতে এসইউসিআই স্পষ্ট জানিয়ে দেয়, অবিলম্বে এই বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বাতিল করতে হবে। একই সঙ্গে ভোটাধিকার রক্ষার দাবিতে, গরিব ও শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে, এবং “রিগিং নয়, প্রতারণা নয়— অবাধ নির্বাচন চাই” স্লোগানে এদিন বটতলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
জানা গেছে, ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এক সপ্তাহ ধরে এই দাবিকে কেন্দ্র করে রাজ্য জুড়ে আন্দোলন কর্মসূচি পালিত করেছে এসইউসিআই।

