আগরতলা, ২১ আগস্ট : এফআরএস (ফেস রেকগনিশন সিস্টেম) পদ্ধতি সংক্রান্ত সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবিতে সরব হলেন আইসিডিএস প্রকল্পের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। পাশাপাশি, মোট ৫ দফা দাবিতে সরকারকে চাপ দিচ্ছেন তাঁরা। তাঁদের অভিযোগ, বারবার সমস্যার কথা জানানোর পরেও সরকারের তরফে কোনও কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ, বর্তমানে কেন্দ্রীয় সরকারের পোষণ অ্যাপের মাধ্যমে সুবিধাভোগীদের ছবি ও তথ্য আপলোড করা বাধ্যতামূলক হয়েছে। একইসঙ্গে, খাবার বিতরণে এফআরএস প্রযুক্তি চালু করে বলা হয়েছে, মুখের ছবি মিলিয়েই শিশু ও গর্ভবতী মহিলাদের খাবার বিতরণ করতে হবে। কিন্তু মাঠ পর্যায়ে সেই কাজ করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে।
এক অঙ্গনওয়াড়ি কর্মী জানান, সরকার আমাদের যে মোবাইল ফোন সরবরাহ করেছিল, তা তিন মাসের মধ্যেই বিকল হয়ে গেছে। এখন আমরা নিজেদের টাকায় ফোন কিনে কাজ করছি। কিন্তু সেই ফোনে পোষণ অ্যাপ সঠিকভাবে কাজ করে না। উপরন্তু মাত্র ২০০০ টাকার রিচার্জ দিয়ে সারা বছরের ডেটা খরচ চালানো যায় না।
এই অবস্থায় কর্মীরা মনে করছেন, প্রযুক্তির নামে তাঁদের উপর অযথা চাপ সৃষ্টি করা হচ্ছে। তাই এফআরএস পদ্ধতি বাতিলের পাশাপাশি আরও কিছু দাবি সামনে এনেছেন তাঁরা। দাবিগুলির মধ্যে রয়েছে, অবিলম্বে এফআরএস পদ্ধতি সংক্রান্ত আদেশ প্রত্যাহার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বা বাড়িতে সরাসরি সকল সুবিধাভোগীকে খাবার সরবরাহের ব্যবস্থা, প্রতিটি কেন্দ্রে ওয়াই-ফাই সংযোগ সহ উন্নতমানের ডিজিটাল পরিকাঠামো চালু, উন্নতমানের স্মার্টফোন সরবরাহ, পুষ্টি প্রকল্পের বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে খাদ্যপণ্যের মূল্য নির্ধারণ করতে হবে।
এছাড়াও, কর্মীদের নিরাপত্তা ও কাজের চাপ হ্রাসের দাবিও উত্থাপন করেছেন তাঁরা। আন্দোলনরত কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার যদি অবিলম্বে দাবি পূরণের বিষয়ে কোনও পদক্ষেপ না নেয়, তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তাঁরা।

