তেলিয়ামুড়ার একাধিক উন্নয়নমূলক কাজ অগ্রগতি পরিদর্শনে বিধায়িকা

আগরতলা, ২৮ জুলাই: বর্তমানে তেলিয়ামুড়ার মূল শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একাধিক পরিকাঠামো গত উন্নয়নের সাথে যুক্ত কাজ চলছে। এর মধ্যে উল্লেখযোগ্য তিন তলা বিশিষ্ট এগ্রি প্রডিউস মার্কেট, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসের নির্মাণ কাজ, চাকমা ঘাটের ওয়াটার প্ল্যান্টের কাজ। এই কাজগুলো কোন অবস্থায় রয়েছে, গুণগত মান বজায় রেখে কাজগুলো হচ্ছে কিনা, কবে নাগাদ শেষ হতে পারে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সরে জমিনে দেখার জন্য আজ স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এর নেতৃত্বে এক প্রতিনিধি দল চলমান বিভিন্ন নির্মাণ কাজগুলো পরিদর্শন করেন।

এই পরিদর্শন কালে বিধায়িকা ছাড়াও পুর পরিষদের প্রাক্তন চেয়ারম্যান নীতিন সাহা, তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সচিব নন্দন রায় প্রমূখ ছিলেন।

এই পরিদর্শন তথা কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় দাবি করেন, যেহেতু উন্নয়নমূলক কাজ চলছে তাই এই কাজগুলো ঠিকভাবে হচ্ছে কিনা এটা দেখভাল করা দায়িত্ব। এই কারণেই আজকে এই পরিদর্শন বলে দাবি বিধায়িকার।

পাশাপাশি তিনি দাবি করেন এই সময়ের মধ্যে গোটা তেলিয়ামুড়া বিধানসভা জুড়ে উন্নয়নমূলক কাজের কর্মযজ্ঞ চলছে। এইভাবে কর্মসূচি গুলোর বাস্তবভিত্তিক রূপায়ণের মধ্য দিয়ে আগামী দিনে তেলিয়ামুড়া ক্রমান্বয়ে আরো উন্নত হবে এমনটাই আভাস দিয়েছেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়।।