রেলে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু, আত্মহত্যার অনুমান

আগরতলা, ২০ জুলাই : রাজধানী আগরতলার সাধু টিলা রেন্টার্স কালীবাড়ি সংলগ্ন এলাকায় রেলে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, ওই যুবক রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা গেছে, রবিবার সকালে স্থানীয় ব্যক্তি রেললাইনের ওপর এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

স্থানীয়দের মতে, সম্ভবত খুব ভোরেই এই ঘটনাটি ঘটেছে। ওই যুবক রেললাইনের ওপর মরণঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় তার দেহ ক্ষতবিক্ষত হয়ে যায়।

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।