কানাডায় দাবানলের আশঙ্কাজনক বৃদ্ধি, আগস্টে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার অনুমান

অটোয়া, ১৯ জুলাই : পশ্চিম কানাডার অধিকাংশ বনাঞ্চলে দাবানল আগামী আগস্টে আরও বৃদ্ধি পাবে এবং এটি স্বাভাবিক মাত্রার চেয়েও অনেক উপরে পৌছাবে। কানাডার জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী টিম হজসন এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন।

শনিবার জাতীয় দাবানল পরিস্থিতি নিয়ে এক আপডেটে মন্ত্রী হজসন জানান, ব্রিটিশ কলাম্বিয়ার দক্ষিণাংশে আগুন লাগার সবচেয়ে বেশি ঝুঁকি রয়েছে। মন্ত্রী আরও বলেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী জুলাই থেকে আগস্ট পর্যন্ত কানাডার বিস্তীর্ণ অঞ্চলে গড়ের চেয়ে বেশি তাপমাত্রা থাকতে পারে এবং আগামী কয়েক সপ্তাহে বিশেষ করে পশ্চিম ও উত্তরাঞ্চলে শুষ্ক পরিস্থিতি আরও তীব্র হতে পারে।

প্রাকৃতিক সম্পদ বিভাগের তথ্য অনুসারে, এই আবহাওয়া পূর্বাভাসের ভিত্তিতে ইয়ুকন অঞ্চল থেকে শুরু করে উত্তর-পশ্চিম অন্টারিও, নোভা স্কোশিয়া এবং পূর্ব নিউ ব্রান্সউইক পর্যন্ত ব্যাপকভাবে দাবানলের ঝুঁকি বেড়ে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, চলতি বছরের জুলাই পর্যন্ত সারাদেশে ৩,০০০-রও বেশি দাবানলের ঘটনা ঘটেছে। যাতে প্রায় ৫.৫ মিলিয়ন হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে। দাবানলে ক্ষয়ক্ষতি মোকাবিলায় কানাডার সরকার প্রায় ১.১৭ কোটি কানাডিয়ান ডলার (প্রায় ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই তহবিলের মাধ্যমে কানাডার দাবানল প্রতিরোধী কনসোর্টিয়াম গঠনের পরিকল্পনা করা হয়েছে। সেটি দেশের একটি জাতীয় কেন্দ্র হিসেবে কাজ করবে এবং দাবানল সংক্রান্ত গবেষণা ও উদ্ভাবনের জন্য ভার্চুয়াল হাব হিসেবে ব্যবহৃত হবে।

মন্ত্রী হজসন বলেন, এই নতুন উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যতের জন্য বনাঞ্চলে আরও টেকসই ও কার্যকর দাবানল মোকাবিলা ব্যবস্থা গড়ে তুলতে পারব।