আগরতলা, ১৩ জুলাই: সাংসদ রাজীব ভট্টাচার্যের হাত ধরে উন্মোচিত হল দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম। “শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি” এই থিমেই এবারে সেজে উঠবে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের পুজোমন্ডপ। সাথে থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো। আজ সাংসদ রাজীব ভট্টাচার্য এই থিম উন্মোচন করেন। পাশাপাশি এদিন এক স্বাস্থ্যশিবির ও অনুষ্ঠিত হয়েছে ক্লাব প্রাঙ্গণে। মেগা এই স্বাস্থ্য শিবিরে এলাকার জনগণ বিনামূল্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন।
এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব প্রতি বছর দুর্গাপূজার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজে নিজেদের অবদান রেখেছে। চিত্তরঞ্জন ক্লাবের পূজোকে কেন্দ্র করে উত্তর জেলা থেকে দক্ষিণ জেলায় গোটা রাজ্যব্যাপী এক আলাদা উন্মাদনা কাজ করে। প্রতিবছর এত বিপুল জনসমাগম ঘটে এই পূজো মণ্ডপে, কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। খুব সুন্দরভাবে গোটা পূজাকে পরিচালনা করা হয়। ক্লাবের এবছরের থিম আমাদের কৃষ্টি সংস্কৃতি রক্ষায় এবং অতীতে যারা দেশ রক্ষায় আত্মবলিদান দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে করা হচ্ছে, যা প্রশংসাযোগ্য।

