নয়াদিল্লি, ১১ জুলাই : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট থেকে প্রায় ৫২ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে সমুদ্রে বিপদে পড়া একটি মার্কিন পালতোলা নৌযান ‘সি এঞ্জেল’-এর দুই নাবিককে সফলভাবে উদ্ধার করলো ভারতীয় কোস্ট গার্ড(আইসিজি)। গত ১০ জুলাই ঘন ঘোর সমুদ্র ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই উদ্ধার অভিযান চালানো হয়। নৌযানটিতে থাকা দুইজন ক্রু সদস্য মারাত্মক পরিস্থিতিতে পড়ে যান, কারণ পাল ছিঁড়ে যায় এবং প্রপেলারটিতে জাল জড়িয়ে যাওয়ায় নৌযানটি চলাচলে সম্পূর্ণ অক্ষম হয়ে পড়ে।
দুর্যোগ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই এমআরসিসি পোর্ট ব্লেয়ার আশেপাশের সকল বাণিজ্যিক জাহাজকে সতর্ক করে ও উদ্ধার সমন্বয় প্রক্রিয়া শুরু করে। এরপর আইসিজি জাহাজ ‘রাজবীর’-কে পাঠানো হয় দুর্গত স্থানে। রাজবীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাবিকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং পরিস্থিতির পর্যবেক্ষণ করে। চরম প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও নাবিকরা নিরাপদে ও সুস্থ অবস্থায় ছিলেন বলে জানা যায়।
১১ জুলাই সকাল নাগাদ ভারতীয় কোস্ট গার্ড নৌযানটিকে নিরাপদে টেনে ক্যাম্পবেল বে বন্দরে নিয়ে আসে। ভারতীয় কোস্ট গার্ডের এই তৎপর ও দক্ষ উদ্ধার অভিযান আন্তর্জাতিক মানের মানবিক দায়িত্ব পালনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

