এমজিএনরেগা ধ্বংসের চেষ্টা করছে মোদি সরকার, অভিযোগ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার মোদি সরকারের বিরুদ্ধে কড়া অভিযোগ এনে বলেছেন, মোদি সরকার মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার নিশ্চয়তা আইন (এমজিএনরেগা) ধ্বংস করতে চাইছে। তিনি এই প্রকল্প বাস্তবায়নের ব্যয় ছাঁটাইকে “সংবিধানের বিরুদ্ধে অপরাধ” বলে আখ্যা দিয়েছেন।

এক্স-এ এক বার্তায় খাড়গে একটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে এমজিএনরেগা-র মোট বরাদ্দের ৬০ শতাংশের বেশি ব্যয় না করার নির্দেশ দেওয়া হয়েছে, যা এই প্রকল্পের ইতিহাসে প্রথম। খাড়গে হিন্দিতে দেওয়া পোস্টে লেখেন, “গরিবের লাইফলাইন এমজিএনরেগা ধ্বংস করতে চাইছে মোদি সরকার। প্রথম ৬ মাসের জন্য ৬০ শতাংশ ব্যয়ের সীমা বেঁধে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “রোজগারের অধিকার সুনিশ্চিত করা এই প্রকল্পে কাটছাঁট করা সংবিধানের বিরুদ্ধেই এক ধরনের অপরাধ।”

কংগ্রেসের পক্ষ থেকে মোদি সরকারের প্রতি একাধিক প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। তিনি জানতে চেয়েছেন, এই অর্থবছরের শেষে যখন চাহিদা বেড়ে যায়, তখন আলাদা করে প্রায় ২৫,০০০ কোটি টাকা খরচ না করতে হয়, সরকার কি তাই চাইছে? সাথে তিনি যফ করেন, যেহেতু এমজিএনআরইজিএ একটি চাহিদানির্ভর প্রকল্প, যদি প্রাকৃতিক দুর্যোগ বা প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথমার্ধে হঠাৎ চাহিদা বেড়ে যায়, তখন কী হবে। তাঁর আরও প্রশ্ন, এই সীমা অতিক্রম করলে কি রাজ্য সরকারগুলো কাজের চাহিদা থাকা সত্ত্বেও কাজ দিতে অস্বীকার করবে। না কি শ্রমিকরা বেতন ছাড়াই কাজ করবেন। তিনি আরও জানতে চেয়েছেন। সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী, মাত্র ৭ শতাংশ পরিবারকে প্রতিশ্রুত ১০০ দিনের কাজ দেওয়া হয়েছে, তা কি সত্য নয়। কেন প্রায় ৭ কোটি রেজিস্টার্ড শ্রমিককে আধার-ভিত্তিক পেমেন্ট না থাকায় এমজিএনআরইজিএ থেকে বাদ দেওয়া হয়েছে। গত ১০ বছরে কেন এই প্রকল্পের জন্য সর্বনিম্ন বরাদ্দ করা হয়েছে এবং গরিব-বিরোধী মোদি সরকার কেন এমজিএনরেগা শ্রমিকদের দমন করতে এতই উদগ্রীব হয়ে উঠেছে।

খাড়গে বলেন, এমজিএনরেগা-র খরচ কমানো মানে গরিব মানুষের জীবনে একটি গুরুতর আঘাত হানা। কংগ্রেস এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করবে। তাঁর সাফ কথা, আমরা আমাদের দুটি দাবিতে অটল — প্রথম, এমজিএনরেগা শ্রমিকদের জন্য দৈনিক ন্যূনতম মজুরি ৪০০ টাকা করা হোক। দ্বিতীয়, বছরে কমপক্ষে ১৫০ দিনের কাজ নিশ্চিত করুক কেন্দ্রীয় সরকার।