ধর্মনগর জেলা আদালতে পুলিশি হেফাজত থেকে কুখ্যাত ডাকাত রাজিবুল আলম উধাও!

ধর্মনগর, ২ জুন : চাঞ্চল্যকর ঘটনায় আজ ধর্মনগর জেলা আদালত প্রাঙ্গণে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেল কুখ্যাত ডাকাত সর্দার রাজিবুল আলম। গত ৩১ মে ভোররাতে পুলিশ বহু কাঠখড় পুড়িয়ে এই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছিল।

জানা গেছে, এই রাজিবুল আলমই কিছুদিন আগে আদালতে এক সাংবাদিককে আক্রমণ করে বিতর্কের জন্ম দিয়েছিল। আজ তাকে পুনরায় আদালতে হাজির করা হলে, পুলিশি হেফাজত থেকে আচমকাই পালিয়ে যায় এই কুখ্যাত ডাকাত ও দুষ্কৃতী। এই ঘটনায় গোটা ধর্মনগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, রাজিবুল আলমকে আদালতে পেশ করার সময়ই সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার পর পরই পুলিশ ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কীভাবে একজন কুখ্যাত অপরাধী পুলিশের কড়া নজরদারি এড়িয়ে পালিয়ে যেতে পারল, তা নিয়ে জনমনে প্রশ্ন দানা বেঁধেছে।