মূখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে ত্রিশজন মহিলার প্রশিক্ষণ সম্পন্ন

বিশালগড়, ১৬ এপ্রিল : মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে রাজ্য সরকার নিয়মিতভাবে দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করে চলেছে। এই ধারাবাহিকতায় মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে ত্রিপুরা ব্যাম্ব্যু মিশনের উদ্যোগে ত্রিশজন মহিলাকে বাঁশজাত সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বিশালগড় মহকুমার রাউৎখলা পঞ্চায়েতে এক মাসব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ‘ক্রিয়েটিভিটি ক্রাফট ওয়ার্ল্ড’-এর ব্যবস্থাপনায়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের বাঁশের হস্তশিল্প, গৃহস্থালী সামগ্রী এবং শৌখিন জিনিসপত্র তৈরির কৌশল রপ্ত করেন।

এক মাসের প্রশিক্ষণ শেষে বুধবার আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ত্রিশজন প্রশিক্ষণপ্রাপ্ত মহিলার হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, পঞ্চায়েত সমিতির সদস্য শঙ্কর সাহা, রাউৎখলা পঞ্চায়েতের প্রধান ঝুমা রাণী সাহা এবং ‘ক্রিয়েটিভিটি ওয়ার্ল্ড’-এর কর্ণধার লব চক্রবর্তী।

বক্তারা প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, এই ধরনের প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ভবিষ্যতে তারা নিজেদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে সক্ষম হন।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা সরকারের এই উদ্যোগের প্রশংসা করে জানান, তারা এখন নিজেরাই কিছু করার সাহস পাচ্ছেন এবং ভবিষ্যতে নিজেদের পণ্য বাজারজাত করার পরিকল্পনাও করছেন।