নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ:
আগরতলাস্হিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
উদ্যাপন করা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
বুধবার আগরতলায় বাংলাদেশের সহকারি হাইকমিশনারের অফিসে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার মোহাম্মদ আরিফ আহমেদ। উপস্থিত সকলে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ২৬ মার্চ ১৯৭১ সালে শুরু হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭১ পর্যন্ত চলে যা বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান, পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে স্বাধীনতা ঘোষণা করেন। এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। ৯ মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আজকের দিনে স্বাধীন বাংলাদেশের ঘোষণা দেওয়ায় আজকের দিনটি বাংলাদেশ সরকার যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে আসছে।
আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের সরকারি হাইকমিশনার মোহাম্মদ আরিফ আহমেদ বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরাসহ ভারতের অসংখ্য জনগণ আন্দোলনে সামিল হয়ে শহীদ হয়েছেন।
ত্রিপুরা ও ভারতের জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন বাংলাদেশের সরকারি হাই কমিশনার মোঃ আরিফ আহমেদ বলেন তাদের সশস্ত্র সংগ্রামের ফলেই বর্তমান বাংলাদেশ স্বাধীন হয়েছে। দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

