ম্যানচেস্টার, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি, টটেনহ্যামের বিপক্ষে। একমাত্র গোলটি করেন চোট কাটিয়ে ফেরা আর্লিং হলান্ড। খেলার ১২ মিনিটে টটেনহ্যামের ডিফেন্ডার কেভিন ডান্সোর দুর্বলতার সুযোগে জালে বল পাঠান হলান্ড। এবারের লিগে নরওয়ের তারকার গোল হল ২০টি। তার চেয়ে ৫টি বেশি করে শীর্ষে আছেন লিভারপুলের মোহামেদ সালাহ। কষ্টার্জিত জয় হলেও জয়ের পথে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।
আসরে ম্যানচেস্টার সিটির এটা চতুর্দশ জয়। সঙ্গে আরও ৫টি ড্রয়ে ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে তারা। ২৭ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মিকেল আর্তেতার দল। ৬ পয়েন্ট কম নিয়ে তিনে ফরেস্ট। আর ২৮ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৬৭, স্থান অবশ্যই টেবিলের শীর্ষে।

