প্রয়াত ডিমা হাসাও জেলা কংগ্রেসের উপ-সভাপতি রুদ্রজিৎ

হাফলং (অসম), ৭ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত হাফলঙের প্রবীণ নাগরিক তথা ডিমা হাসাও জেলা কংগ্রেসের উপ-সভাপতি রুদ্রজিৎ লাইস্রাম। আজ শনিবার বেলা ১.০০টা নাগাদ গুয়াহাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রুদ্রজিৎ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। রেখে গেছেন বহু আত্মীয়স্বজন ও গুণমুগ্ধকে।

হাফলং হাগজারনগরের বাসিন্দা রুদ্রজিৎ লাইস্রাম বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৯৬৭ সাল থেকে আমৃত্যু কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন লাইস্রাম। তিনি জেলা কংগ্রেসের একজন বরিষ্ঠ ও প্রবীণ কর্মী ছিলেন। রাজ্যের মন্ত্রী প্রয়াত কংগ্রেস নেতা গোবিন্দচন্দ্র লাংথার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন। প্রয়াত রুদ্রজিৎ লাইস্রাম হাফলং জগন্নাথ মন্দিরের পরিচালন সমিতির সহ-সভাপতিও ছিলেন।

রুদ্রজিৎ লাইস্রামের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তাঁর পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। রুদ্রজিৎ লাইস্রামের মৃত্যুতে ডিমা হাসাও জেলা কংগ্রেস এবং হাফলং জগন্নাথ মন্দির পরিচালন সমিতি গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা ব্যক্ত করেছে।