নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): বিশিষ্ট সামাজিক কর্মী, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এবং শহীদ ভগত সিং সেবাদল (এসবিএস) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিতেন্দর সিং শান্টি বৃহস্পতিবার আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন। দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে আম আদমি পার্টি (এএপি) -তে যোগদান করেছেন তিনি।
জিতেন্দর সিং শান্টিকে এএপি-তে স্বাগত জানিয়ে কেজরিওয়াল বলেছেন, “তিনি ‘অ্যাম্বুলেন্স ম্যান’ নামে পরিচিত। আমাকে বলা হয়েছে, তিনি ৭০ হাজারেরও বেশি মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করেছেন, সম্মানজনকভাবে। কোভিড সময়ে যখন লোকজন তাদের পরিবারের সদস্যদের মৃতদেহ গ্রহণ করতে দ্বিধা করত, তখন তিনি মৃতদেহ শেষকৃত্য করেছিলেন। তিনিও কোভিড-এর শিকার হয়েছেন। এমনকি যখন তাঁর পরিবার কোভিড সংক্রামিত হয়েছিল, তখনও তিনি তাঁর মিশন চালিয়ে গিয়েছিলেন। এর জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি রাজনীতিতে এসেছেন মানুষের সেবা করার জন্য। তাঁর যোগদান এএপি-কে শক্তিশালী করবে।”

