আগরতলা, ৩ নভেম্বর : সোনামুড়া থানা পুলিশের হাতে আটক হয়েছেন এক বাংলাদেশী নাগরিক। সেই ব্যক্তির নাম সেলিম আহমেদ(৪০)। কাজের উদ্দেশ্যে কয়েকমাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে সেই ব্যক্তি। রবিবার সোনামুড়া মোবাইল পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর রাতে মোবাইল পুলিশের কাছে গোপন সূত্রে সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের ঘোরাফেরা করার খবর আসে। খবরের পরিপ্রেক্ষিতে পুলিশ সোনামুড়ার আরালিয়া এলাকায় ওৎ পেতে বসে। এদিকে সেলিম পুলিশের টহল দেখে ভয় পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সেই বাংলাদেশী নাগরিক জানায়, তাঁর বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়। বেশ কিছু মাস আগে সে কাজের খুঁজে ভারতে অবৈধভাবে এসেছিল। আড়ালিয়া এলাকার একটি ক্যাবিনেট দোকানে কাজ করে সেলিম। পুলিশ তাঁর কাছে কোনো বৈধ কাগজ পায় নি বলে জানা গিয়েছে।
সোমবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে কোর্টে তোলা হবে বলে জানান সোনামুড়া থানার পুলিশ আধিকারিক।

