লন্ডন, ৩ নভেম্বর (হি.স.): দাপটের সঙ্গে প্রিমিয়ার লিগের মরসুমটা শুরু করেছিল আসের্নাল। কিন্তু পরপর তিনটে ম্যাচে হেরে শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়ছে তারা। যাদের সঙ্গে তাল রেখে লড়াই চলছিল সেই লিভারপুল ও ম্যানচেস্টার সিটির থেকে পিছিয়ে পড়েছে আর্সোনাল। বোর্নমাউথের পর এবার তারা হারের স্বাদ পেল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষেও।
শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে ১-০ গোলে হেরেছে আর্সেনাল। পুরো ম্যাচে লড়াই করেও ১২ মিনিটে অ্যালেক্সান্ডার ইসাকের করা গোলটি শোধ করতে পারেনি মিকেল আর্তেতার দল আর্সেনাল।
প্রতিপক্ষের মাঠ জেমস পার্কে তাদের চেষ্টার কমতি ছিল না। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ১০টি শট নিলেও জালের দেখা পায়নি তারা।
১০ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি আর ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল।

