কলকাতা, ২৫ অক্টোবর (হি.স.): ঝড়ে বিপর্যস্তদের যাতে কোনও প্রকার সমস্যা না হয় তা খতিয়ে দেখতে ডিএম-এসপিদের একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাতভর জেগে কাজ করায় সকলকে ধন্যবাদ জানিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠক শুরু করেন মুখ্যমন্ত্রী। শুক্রবার তিনি বলেন, ত্রাণ শিবিরগুলোতে যাতে কারও সমস্যা না হয় সেদিকে নজর দিতে হবে। যাদের ত্রাণশিবিরে আনা হয়েছে, দুর্যোগ না মিটলে তাঁদের বাড়ি না ফেরানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন, যাঁদের বাড়ি ভেঙেছে, আপাতত তাঁদের ত্রাণ শিবিরেই রাখতে হবে। খাবার, জল, বই-খাতা, জামা-কাপড়ের যাতে সমস্যা না তা দেখার নির্দেশ দেন।
যে গাছ ঝড়ে পড়ে গিয়েছে, সেগুলো পুনরায় লাগানোর পরামর্শ দেন তিনি। বন্যা মোকাবিলায় সুন্দরবনে ম্যানগ্রোভ চারা লাগানোর পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।
মেডিক্যাল ক্যাম্প করার কথা বলেন তিনি।ডেঙ্গু যাতে না বাড়তে পারে, সেদিকে নজরদারির পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। টেলি মেডিসিন পরিষেবা কাজে লাগানোর নির্দেশও দেন। জ্বর, ডায়রিয়ার ওষুধ ও অ্যান্টি ভেনাম মজুত রাখার কথা বলেন।
দিঘার জগন্নাথ মন্দিরের পরিস্থিতি কী? তা জানতে চাইলেন তিনি। বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান শুরু হয়েছে। ৩ বছরের মধ্যে কাজ শেষ হবে, বললেন মুখ্যমন্ত্রী। প্রত্যেককে দায়িত্ব নিয়ে কাজ করার নির্দেশ দিলেন তিনি।

