সিপাহীজলা জেলায় বন্যায় মোট ক্ষয়ক্ষতি হয়েছে ৭২৬ কোটি ৯৭ লক্ষ টাকা, শুরু হয়েছে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া: জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ১২ সেপ্টেম্বর: সিপাহীজলা জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের এক সপ্তাহের মধ্যে সমস্ত ক্ষতিপূরণ দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা বলেন জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল।

গত ১৯শে আগস্ট থেকে ২৩ শে আগস্ট পর্যন্ত ভারী বর্ষণের কারণে প্লাবন সৃষ্টি হয়েছিল রাজ্যে।আর এই প্লাবনে রাজ্যের  বিভিন্ন স্থানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিপাহীজলা জেলা। যদিও বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক  সিপাহীজলা জেলায়  পুনরুদ্ধারের কাজ চলছে দ্রুত গতিতে।  সেপ্টেম্বর মাসের ৪ তারিখই খালি হয়েছে রিলিফ ক্যাম্প। শরনার্থীরা ফিরে গেছেন নিজ বাড়িতে।

আর এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থার পুনরুদ্ধার করা হয়েছে।  ভারী বর্ষণ  ও ধ্বস পরে যে সমস্ত রাস্তা  গুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই রাস্তাগুলোকে জরুরী ভিত্তিতে পুনরুদ্ধার করা হয়েছে। তবে যোগাযোগের  পাকাপাকি মেরামতের কাজও খুব দ্রুত সম্পন্ন করা হবে। সিপাহী জলা জেলায় বন্যায়  মোট ক্ষয়ক্ষতি হয়েছে ৭২৬ কোটি ৯৭ লক্ষ টাকা।

বৃহস্পতিবার বিশ্রামগঞ্জ স্থিত জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে দুর্যোগপূর্ণ পরিস্থিতির বিষয়ে বিস্তারিত জানানোর সময় একথাগুলো বলেন জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল।এছাড়াও তিনি বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সমস্ত ক্ষতিপূরণ এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।