ধর্নামঞ্চে অসুস্থ মহিলা পুলিশকর্মীর প্রাণ বাঁচালেন প্রতিবাদী চিকিৎসকরা

কলকাতা, ১২ সেপ্টেম্বর (হি.স.): প্রতিবাদী চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় বাঁচল স্বাস্থ্য ভবনের সামনে কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মীর প্রাণ। এমনই দৃশ্যের সাক্ষী হয়ে রইল বুধবার রাতের চিকিৎসকদের অবস্থান মঞ্চ।

বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ তাঁরা খেতে বসেছিলেন। তখনই ছুটে আসেন এক সতীর্থ। জানা যায়, অসুস্থ হয়ে পড়েছেন স্বাস্থ্য ভবনের সামনে কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে ছুটে যান তাঁরা। তীব্র শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন ওই মহিলা পুলিশকর্মী। তাঁর কাছে ইনহেলার ছিল না।

ওখানে এক জায়গায় জমায়েত করে মাইকে চলছিল স্লোগান। সেখান থেকেই মাইকে দ্রুত একটি ইনহেলারের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানানো হয়। ভিড়ের মাঝে মুঠোয় ইনহেলার নিয়ে এগিয়ে আসেন কেউ একজন। সেই ইনহেলারই প্রাণ বাঁচায় ওই পুলিশকর্মীর।

ইতিমধ্যে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও হয়। অসুস্থ পুলিশকর্মীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। তখন অবশ্য খানিক সুস্থ বোধ করছেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত আর এক সিনিয়র পুলিশকর্তা তখন আন্দোলনকারী চিকিৎসকদের কৃতজ্ঞতা জানান।