কলকাতা, ১১ সেপ্টেম্বর (হি.স.): আগেই সিনিয়ররা প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। বুধবার সকালে স্বাস্থ্যভবন চত্ত্বরে জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে এলেন সিনিয়র ডাক্তাররা। পাশে পেয়ে তাঁদের ধন্যবাদ জানালেন কিঞ্জল নন্দ।
সম্প্রতি লালবাজার অভিযানের সময় ভোর হতেই কমিশনার বিনীত গোয়েলকে বিঁধে স্লোগান তোলেন আন্দোলনকারীরা। বুধবারও তার ব্যতিক্রম হল না। ভোর হতেই স্লোগানে মুখরিত হল স্বাস্থ্যভবন চত্ত্বর।আন্দোলনকারীরা স্লোগান তুললেন, “ভোর হল, দোর খোল, দুয়ারে ডাক্তার এলো রে! ”
স্বাস্থ্যভবনের সামনে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয় জুনিয়র ডাক্তারদের জন্য। সকাল ১০টা নাগাদ আন্দোলনরত ডাক্তারদের খাবার পাঠায় একাধিক সংস্থা। আমজনতার সমর্থন পেয়ে আপ্লুত হন জুনিয়র চিকিৎসকরা।
এর আগে রাতেই নবান্নের তলবে বৈঠকের আহ্বান জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের ১০ প্রতিনিধিকে। কিন্তু সেই তলবে অসন্তুষ্ট চিকিৎসকরা সাড়া দেননি। জানা গিয়েছে পালটা মেল করে নিজেদের সমস্ত দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

