নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি.স.): ভাষার সমৃদ্ধির ক্ষেত্রে ভারত একটি অনন্য জাতি। জোর দিয়ে বললেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রবিবার নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই অনুষ্ঠানে তিনি উল্লেখ করেছেন, ভাষার সমৃদ্ধির ক্ষেত্রে ভারত একটি অনন্য জাতি। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এদিন আরও উল্লেখ করেছেন, জাতীয় শিক্ষা নীতি একটি গেম চেঞ্জার এবং যুব সমাজকে তাঁদের নিজস্ব প্রতিভা ও শক্তি সম্পূর্ণরূপে অন্বেষণ করার সুযোগ দিয়েছে।উপ-রাষ্ট্রপতি জোর দিয়ে বলেন, জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে। সাক্ষরতার হার বৃদ্ধির আবেদন জানিয়ে ধনখড় বলেন, সবাইকে অন্তত একজনকে সাক্ষর করার শপথ নিতে হবে। তিনি বলেন, কাউকে শিক্ষিত করা মানবতার সেবা।
2024-09-08

