নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : চলতি সেপ্টেম্বরে এবং এযাবৎকালের মধ্যে প্রথমবারের মতো এমএসসিআই এর ইমার্জিং মার্কেট (ইএম) ইনভেস্টেবল মার্কেট ইনডেক্স (আইএমআই)-এ ভারত চীনকে ছাড়িয়ে বৃহত্তম ওজনদার দেশ হয়ে উঠেছে। গত ৪ সেপ্টেম্বর পর্যন্ত, ভারতীয় ইক্যুইটির সামগ্রিক সূচকে ২২.২৭% পয়েন্ট বা ওজন অর্জন করেছে এবং তা চীনকে ছাড়িয়ে গেছে, কারণ চীনের ইকুইটির সূচকের ওজন ২১.৫৮% এ নেমে গেছে। ভারতের ৫.০৩ ট্রিলিয়ন ডলারের বাজারের তুলনায় চীনের বৃহত্তর বাজার মূলধন ৮.১৪ ট্রিলিয়ন ডলার হওয়ার পরও এই পরিবর্তনটি বিশেষ তাৎপর্য্য বয়ে আনছে।
প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ ব্রোকারেজ মরগ্যান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল (এম এস সি আই) উদীয়মান বাজার (রাষ্ট্র) নিয়ে বিশ্লেষণ করে তেমনি, এসব দেশের বা বাজারের বিনিয়োগ যোগ্য বাজার সূচকগুলোর স্বাস্থ্য, গতিবিধি কেমন চলছে এনিয়েও তাদের গবেষনা ও আর্থিক বিশ্লেষণ এর কর্মকান্ড ব্যাপক। এদের বিশ্লেষণ প্রতিবেদনই ইনভেস্টেবল মার্কেট ইনডেক্স (আই এম আই) নামে খ্যাত।
মরগ্যান স্ট্যানলি এর আই এম আই বিশ্লেষণ অনুসারে, ২০২৪ এর মার্চ থেকে আগস্ট এর মধ্যে, বিনিয়োগযোগ্য বাজারে ভারতের ওজন ১৮% থেকে বেড়ে ২০% হয়েছে, তখনি চীনের ওই ওজন একই সময়ের মধ্যে ২৫.১% থেকে নেমে দাঁড়ায় ২৪.৫%-।
মরগ্যান স্ট্যানলি লক্ষ্য করে যে, এই পরিবর্তনটি মূলত অর্জিত হয়েছে স্টক মার্কেটে স্মল-ক্যাপ স্টকগুলির মধ্য দিয়ে, আর এই স্মল-ক্যাপ স্টকগুলিতে ভারত অধিকতর শক্তিশালী অবস্থান বজায় রাখতে পেরেছে। বিপরীতে, এই সময়কালের মধ্যে আসা অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং নিয়ন্ত্রক চাপের কারণে চীনা বাজারে শেয়ারের ওজন ক্রমাগত হ্রাস পেয়ে চলেছে। গত দুই বছরে, সূচকে চীনের ওজন নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে, যেখানে ভারতীয় ইক্যুইটির প্রাধান্য বেড়েছে। প্রকৃতপক্ষে, বৃহত্তর উদীয়মান বাজার সূচকে ভারতের ওজন বাড়ছে।
সাম্প্রতিক অতীতে, ভারতীয় অর্থনীতির শক্তিশালী সমষ্টিগত অর্থনৈতিক ভিত্তির পাশাপাশি ভারতীয় কর্পোরেটদের শক্তিশালী সফলতার দরুন ভারত অনেক উন্নত ইক্যুইটি বাজারের সমতুল পারফরম্যান্স করতে পেরেছে। উপরন্তু, ভারতীয় ইক্যুইটি বাজারে লাভ বিস্তৃত প্রেক্ষাপট ভিত্তিক হয়েছে, যা লার্জ ক্যাপের পাশাপাশি মিড-ক্যাপ এবং স্মল-ক্যাপ সূচকগুলির মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। এই ইতিবাচক প্রবণতা অর্জন করার পেছনে অন্যতম কারণগুলির মধ্যে কয়েকটি হলো, ২০২৪ সালের প্রথম দিকেই প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) ৪৭% বৃদ্ধি পাওয়া, ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম হ্রাস এবং ভারতীয় ঋণ বাজারে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই)-এর উল্লেখযোগ্য লাভ।
এমএসসিআই আইএমআই এর বিশ্লেষণ ৩,৩৫১ টি স্টককে অন্তর্ভুক্ত করেছে এবং এতে বড়, মাঝারি এবং ছোট ক্যাপ কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। এর বিশ্লেষণের মধ্যে আসছে ২৪ টি উদীয়মান বাজারের দেশ জুড়ে স্টক মার্কেটের /শেয়ার বাজারের শেয়ারের গতিবিধি – কোনটি, কখন, কেমন বিনিয়োগ আকর্ষণ করছে ইত্যাদি। এদের এই বিশ্লেষণের জন্য নজরে রাখা হয় ওই দেশগুলোর উন্মুক্ত বাজারের মূলধনী গতিশীলতার প্রায় ৮৫% ক্রিয়াকলাপ।
উদীয়মান আর্থিক বাজারের মধ্যে এই পুনর্বিন্যাস ভারতীয় সংস্থাগুলিতে বিদেশী মূলধন টেনে আনবে, এই জোরালো সম্ভাবনা রয়েছে এমএসসিআই ইএম সূচকে ভারতের নতুন অবস্থান বড়রকমের বিদেশী বিনিয়োগ প্রবাহকে আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে, বিশেষত বিশ্বব্যাপী ফান্ডগুলো তাদের পোর্টফোলিওকে বিশ্ব বাজারের সূচকে ভারতের প্রায় ২% ওজনের জন্য সমতুল মনে করে। যদিও ভারতীয় ইক্যুইটির ক্রমবর্ধমান মূল্যায়ন একটি উদ্বেগের বিষয় হিসাবে রয়ে গেছে, ব্রোকারেজ হাউসগুলি ভারতীয় বাজারে বর্তমান বুল রানকে (তুঙ্গে ওঠা প্রবাহকে) এখনও তার মধ্য পর্যায়ে রয়েছে বলে মনে করছে।
গ্লোবাল ব্রোকারেজ সংস্থা মরগ্যান স্ট্যানলি বলেছে, মৌলিক বিষয়গুলি অবশ্যই ভারতের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেই পরিমাণে, বিনিয়োগযোগ্য বাজার হিসেবে ভারতের নতুন অবস্থান উদ্বেগের বিষয় নয়, বরঞ্চ ভারত ইএম পটভূমিতে শীর্ষ পছন্দ হিসেবে উঠে এসেছে এবং যদিও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় পছন্দ হিসাবে রয়ে গেছে। (সূত্র: সংবাদ সংস্থা/মর্গ্যান স্ট্যানলি প্রতিবেদন)

