কলকাতা, ৬ সেপ্টেম্বর(হি.স.): রাজ্যের অপরাজিতা বিল পাশ করতে টেকনিক্যাল সমস্যার কারণে বিলটি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। রাজভবনের দাবি, বিধানসভায় পাশ হওয়ার পরও রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় বিস্তারিত রিপোর্ট না পাঠানোর কারণে বিলটি আটকে রয়েছে। সাধারণত, কোনো বিল বিধানসভায় পাশ হলে তা রাজভবনে পাঠানো হয়, যেখানে রাজ্যপাল বিলটি পর্যালোচনা করেন। রাজ্যপালকে সেই বিল কেন আনা হয়েছে, কোন পরিস্থিতিতে আনা হয়েছে, এবং তা কার্যকর করতে রাজ্যের কত টাকা অতিরিক্ত খরচ হবে—এই সমস্ত তথ্য বিশ্লেষণ করতে হয়।
রাজভবন জানিয়েছে, এই ক্ষেত্রে রাজ্য সরকার সেই প্রয়োজনীয় রিপোর্ট পাঠায়নি। ফলে, টেকনিক্যাল সমস্যার কারণে বিলটি এখনো পাশ করা সম্ভব হয়নি। এদিকে, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিলকে সমর্থন করলেও স্পষ্টভাবে জানিয়ে দেন, “এই বিল কার্যকর করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের।” এখন দেখার বিষয়, এই বিলের জটিলতা কত দ্রুত কাটানো সম্ভব হয় এবং রাজভবনের আপত্তি মেটানোর জন্য রাজ্য সরকার কী পদক্ষেপ গ্রহণ করে।

