নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে আপাতত অব্যাহত থাকবে বৃষ্টিপাত, দেশের বিভিন্ন রাজ্যের জন্য জারি করা হয়েছে বৃষ্টির সতর্কতা। পশ্চিম ও মধ্য ভারতে সপ্তাহব্যাপী হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ছত্তিশগড়ে আগামী ৬ দিন, সৌরাষ্ট্র ও কচ্ছে আগামীকাল এবং কোঙ্কন, গোয়া ও গুজরাটে ৮ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্ধ্র উপকূল, ইয়ানাম এবং তেলেঙ্গানাতেও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর-পূর্ব ভারত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে এই সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওডিশাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
2024-09-05

