নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলো রাজ্য। ছাত্রসমাজের নেতা সায়ন লাহিড়ীর জামিনের বিরোধিতায় করা রাজ্যের মামলা খারিজ করে দিলো সুপ্রিম কোর্ট। অর্থাৎ বহাল থাকলো কলকাতা হাই কোর্টের নির্দেশই। আদালত বলেছে, ‘সায়নের জামিন মঞ্জুর হওয়াই উচিত।’
গত ২৭ আগস্ট, আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছিলো ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’ নামে তথাকথিত অরাজনৈতিক সংগঠন। তাদের নেপথ্যে বিজেপি-আরএসএস যোগের অভিযোগ উঠেছিলো আগেই। পুলিশের অনুমতি ছাড়া এই কর্মসূচির আড়ালে রাজ্যকে অশান্ত করার ছক রয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর ছিলো। তাই তা আটকাতে পুলিশের ‘অতিসক্রিয়তা’ লক্ষ্য করা গিয়েছিল।
তা সত্ত্বেও সেদিন দিকে দিকে অশান্তির ঘটনা ঘটে। ওইদিন সন্ধেবেলা ‘পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ’-এর তরফে এই নবান্ন অভিযানের আহ্বায়ক সায়ন লাহিড়ীকে গ্রেফতার করে পুলিশ। জেল হেফাজতে রাখা হয়েছিল তাঁকে। গ্রেফতারির বিরোধিতায় সায়ন শুক্রবার উচ্চ আদালতের দ্বারস্থ হলে বিচারপতি অমৃতা সিনহা তাঁকে জেলমুক্তির নির্দেশ দেন।
এর বিরোধিতা করে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এদিন সেই মামলা খারিজ করে দিল শীর্ষ আদালত। বিচারপতি জামশেদ বুর্জর পারদিওয়ালা বলেন, ‘‘ওই ছাত্রনেতার জামিন মঞ্জুর হওয়াই উচিত। এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এফআইআর খারিজের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’’

