প্রতিবাদী চিকিৎসকদের কটাক্ষের দায়ে অভিনেত্রী সুদীপ্তার তোপে বিধায়ক কাঞ্চন

কলকাতা, ২ সেপ্টেম্বর (হি.স.): ‘সরকারি বেতন, বোনাস নেবেন তো?, আন্দোলনকারী ডাক্তারদের প্রশ্ন ছুঁড়েছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। তার প্রেক্ষিতেই কটাক্ষ করলেন ক্ষুব্ধ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী!

আর জি কর কাণ্ডের তীব্র নিন্দা করে রবিবার আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশে কাঞ্চন মল্লিক প্রশ্ন ছুঁড়েছিলেন, “সরকারি বেতন, বোনাস নেবেন তো নাকি?” উত্তরপাড়ার তারকা বিধায়কের এই মন্তব্য ভাইরাল হতেই সামাজিক মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন অনেকে। প্রিয় অভিনেতার ‘বিবেকবোধ’কেও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন একাংশ। 

এই আবহেই বন্ধু-সহকর্মী কাঞ্চন মল্লিককে কড়া ভাষায় পালটা জবাব দিলেন সুদীপ্তা চক্রবর্তী। বন্ধু কাঞ্চন মল্লিককে ‘মাননীয় বিধায়ক’ সম্বোধন করে অভিনেত্রীর মন্তব্য, “কর্মবিরতি তে থাকা ডাক্তাররা সরকারী চাকরি করেন বলে তাঁদের কর্মস্থলে দিনের পর দিন ধরে ঘটে যাওয়া সরকারের অন্যায় কাজ নিয়ে তাঁরা প্রশ্ন তুলতে পারবেন না? সরকারি পদক্ষেপ নিয়ে হতাশা বা উষ্মা প্রকাশ করতে গেলে একজন সরকারি চাকুরিজীবীর মাইনে নেওয়া যাবে না? বিচারের দাবিতে মিছিলে গিয়েছেন বলে তাঁদের পুজোর আগে প্রাপ্য বোনাস নিয়ে খিল্লি করে বলবেন- বোনাস যে হয়, সেটা নেবেন তো, না নেবেন না?”

সুদীপ্তার বক্তব্য, ‘চাকরি’ শব্দটা তো আপনি আক্ষরিক অর্থেই নিয়ে নিয়েছেন মশাই! সরকারি হাসপাতালে নৃশংসভাবে ধর্ষিত ও খুন হয়ে যাওয়া তিলোত্তমার মা বাবা কে ‘মেয়ে আত্মহত্যা করেছে’ বলল কেন- এই প্রশ্ন করার আগে সরকারের দেওয়া পুরস্কার ফেরত দিয়ে দিতে হবে? না, মানে, বিবেকের তাড়নায় কেউ ফেরত দিতেই পারেন। কিন্তু সেটাই আগাম শর্তাবলী নাকি?

সুদীপ্তার তোপ, দেওয়ালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঝুলিয়ে রেখে এই নির্লজ্জ কমেডি করার আগে একবারও ভাবলেন না? আপনার কমেডি অভিনয়ই কিন্তু মানুষের মনে একদিন আপনার পাকাপাকি স্থান দিয়েছিল। আমিও তার ফ্যান। কিন্তু আজ যেটা করলেন, ওটা কমেডিও হয়নি, অভিনয়ও হয়নি। আপনার শুভ বুদ্ধির উদয় হোক শিগগিরই, এই কামনা করি।”