বনধ ঘিরে কল্যাণীতে উত্তেজনা, বিক্ষোভ প্রদর্শন বিজেপির

কল্যাণী, ২৮ আগস্ট (হি.স.): বুধবার বিজেপির ডাকা বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নদিয়ার কল্যাণীতে। কল্যাণী স্টেশনের কাছে ৪২ নম্বর রেলগেটে লাইনে নামতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের। অভিযোগ, জোর করে রেললাইনে দাঁড়িয়ে অবরোধ করেন বিজেপি কর্মীরা। এই ঘটনার জেরে দীর্ঘ ২৫ মিনিট রেল অবরোধ থাকে। দাঁড়িয়ে থাকে হাজারদুয়ারি আপ এক্সপ্রেস। এরপর পুলিশ তাঁদের হটিয়ে দেয়। অন্যদিকে, কল্যাণী এইমস সংলগ্ন রাজ্য সড়কের গয়েশপুর চেক পোস্ট মোড়েও অবরোধ করেন বিজেপি কর্মীরা। রেললাইনের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয় ৪১ নম্বর রেলগেট।