শিলিগুড়ি, ২৮ আগস্ট (হি. স.) : বিজেপির ডাকা বনধ সফল করতে বুধবার সকাল থেকে শিলিগুড়িতে পথে নামেন দলের কর্মী-সমর্থকরা। তাঁরা মিছিল করেন। দোকানপাট বন্ধ রাখার আবেদন জানানো হয়। শিলিগুড়িতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে হামলার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় জংশন এলাকায়। পুলিশ ৮ বিজেপি কর্মীকে গ্রেফতার করে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালের দিকে বাসটি যাত্রী নিয়ে তেনজিং নোরগে বাস টার্মিনাসের দিকে আসছিল। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা পাথর ছুড়ে ওই বাসের সামনের কাচ ভেঙে দেন। যদিও ঘটনায় যাত্রীদের কেউ চোট পাননি বলে জানা গিয়েছে। খবর পেয়ে প্রধান নগর থানার পুলিশ এলাকায় হাজির হয়ে ওই বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। এদিকে, ঘটনার প্রতিবাদে রাস্তায় নামেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরাও।
2024-08-28

